বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা, ট্রলারে ফিরছেন সাড়ে ৩০০ পর্যটক
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে সাড়ে ৩০০ জন ট্রলারে করে কক্সবাজারের টেকনাফে ফিরছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০টি ট্রলারে করে তারা দ্বীপ ছেড়েছেন। তবে ট্রলারের সংকট থাকায় এখনো অনেক পর্যটক জেটিঘাটে অপেক্ষা করছেন।
বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এতে কক্সবাজার থেকে জাহাজে দ্বীপ ভ্রমণে গিয়ে প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েন।
টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ শনিবার দুপুরে বলেন, বৈরী আবহাওয়ায় অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। এতে কেউ কেউ আর্থিক সংকটে পড়েছেন। তাদের কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকে ট্রলারে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রতিটি ট্রলারে ৩০ থেকে ৩৫ জন করে মোট সাড়ে ৩০০ পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। ট্রলারের সংকট থাকায় আরও অনেক পর্যটক সেন্টমার্টিন জেটিঘাটে অপেক্ষা করছেন।
রাজশাহী থেকে পরিবারের সদস্যদের নিয়ে দ্বীপে বেড়াতে আসা পর্যটক খলিলুর রহমান জানান, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে সেন্টমার্টিনে এসেছিলেন। কিন্তু আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েছেন। আনন্দ ভ্রমণ এখন দুর্ভোগে পরিণত হয়েছে। ভ্রমণের বাজেটও শেষ হয়ে গেছে। তাই যেকোনো উপায়ে দ্বীপ ছেড়ে ফিরতে চান। বর্তমানে ট্রলারের জন্য অপেক্ষা করছেন তারা।
সেন্টমার্টিনের সৈকতকর্মী নুরুল আমিন বলেন, দ্বীপে আটকা পড়া পর্যটকদের অনেকে শনিবার সকাল থেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। এরই মধ্যে ১০টি ট্রলার দ্বীপ ছেড়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ায় আটকা পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে টেকনাফে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। যারা দ্বীপে থাকতে চান, তারা অবস্থান করছেন। কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা জাহাজে করে ফিরবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা কিছু পর্যটক সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছেন। দ্বীপে অবস্থানরত পর্যটকদের খোঁজখবর রাখা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। গত ১৩ নভেম্বর চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক, যা মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চ যাতায়াত। বুধবারও চারটি জাহাজে করে দ্বীপে যান ১ হাজার ২৪১ জন পর্যটক। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২, এমভি টেকনাফে ১৪৫ এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ। এ ছাড়া সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চলাচল এবং দ্বীপের প্রাকৃতিক সম্পদ সংগ্রহেও নিষেধাজ্ঞা রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন